রাজধানীর শাহজাহানপুরে একটি বাসায় সদ্য বিবাহিত মিম আক্তার (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।
শনিবার (৪ মে) বিকেলে শাহজাহানপুর শহীদবাগ মসজিদ গলির বাবার বাসায় ঘটনাটি ঘটে। পরিবারের লেকজন ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মিম শেরপুর জেলার শ্রীবর্দী থানার কর্ণঝড়া গ্রামের মো. ইউসুফ আলী ও আমেনা বেগম দম্পতির মেয়ে মিম।শাহজাহনপুর রেলওয়ে সরকারি হাই স্কুলের এসএসসি পরীক্ষা দিয়েছে মিম। এক ভাই এক বোনের মধ্যে বড় মিম।
হাসপাতালে মিমের মা আমেনা বেগম জানান, তারা শাহজাহানপুর শহীদবাগের ওই বাসায় থাকেন। দুই মাস আগে মিম প্রেমের সম্পর্কে নিজে নিজেই শান্ত নামে এক যুবককে বিয়ে করে। বিয়ের পর স্বামীর সাথে শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে থাকা শুরু করে। তবে বিয়ের পর স্বামীর বিভিন্ন দোষ সামনে আসতে থাকে মিমের। ফোনে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো তার স্বামী শান্ত। এছাড়া গভীর রাত পর্যন্ত বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতো। এগুলো পছন্দ করতো না মিম। শান্তকে বারবার নিষেধ করেও কোনো কাজ হচ্ছিলো না।
আমেনা বেগম আরও জানান, এসব কারণে স্বামীর সাথে রাগারাগি করে দুই দিন আগে আমাদের বাসায় চলে আসে মিম। মিমকে ধৈর্য ধরে থাকতে বলি এবং শান্তকে বুঝাতে বলি। এরমধ্যে আজ দুপুরে একা ঘরে রুমের ভিতর বাশের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় মিম। বিকেলে তার ছোট ভাই বাসায় এসে দরজা খুলে ভিতরে ঢুকতেই মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
স্বজনরা জানান, শাহজাহানপুর রেলওয়ে সরকারি হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে মিম। সামনের সপ্তাহে তার রেজাল্ট বের হওয়ার কথা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।
সময়ের আলো/জেডআই