রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ও কারওয়ানবাজারে হোটেল লা ভিঞ্চির জেনারেটর কক্ষে আগুন লেগেছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকে ও সোয়া ১০টার দিকে জেনরারেটর কক্ষে আগুন লাগে। এতে কোন হতাহত বা বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন: রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাংকের নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাংক কতৃপক্ষ ভল্টে টাকা থাকার কথা জানালে নিরাপত্তাসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা পুলিশ সতর্ক দায়িত্ব পালন করছে।
হোটেল লা ভিঞ্চির জেনারেটর কক্ষে আগুন: কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চির জেনারেটর কক্ষে আগুন লেগেছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে হোটেলের পাশের একটি টিনশেড কক্ষে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের পাশের কয়েকটি কাঁচা আড়ত ঘরের সামান্য ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোন হতাহত হয়নি।
পাশের ভবনের নিরাপত্তাকর্মী বাবু মিয়া বলেন, আগুন দেখার পর তিনিসহ আরও কয়েকজন ফায়ার এক্সটিংগুইশার এবং পানি নিয়ে এগিয়ে যান। পরে ফায়ার সার্ভিসহ আরও অনেকে আসলে সবার চেষ্টায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে জেনারেটর রুমের চালসহ পাশের দুটি আড়ত ঘরের সামান্য ক্ষতি হয়েছে। লা ভিঞ্চি হোটেলের স্টোর কিপার হাসান বলেন, হোটেলের পাশে একটি টিনশেড কক্ষে শুধু জেনারেটরটিই রাকা ছিল। আগুন উপরের টিন এবং সিলিং পুড়েছে। জেনারেটর কোন ক্ষতি হয়নি।
সময়ের আলো/জিকে