আসছে জোকার সিনেমার সিকুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স’। এ পর্বে থাকছেন পপস্টার অভিনেত্রী লেডি গাগা। লেডি গাগা থাকছেন ‘হার্লে কুইন’ চরিত্রে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। নিজের অভিনীত চরিত্র নিয়ে দারুণ আশাবাদীও তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লেডি গাগা কথা বলেছেন হার্লে কুইন চরিত্রটি সম্পর্কে। গাগা জানিয়েছেন, এতকাল ‘হার্লে কুইন’ চরিত্রটি বিভিন্ন অভিনেত্রী যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার চেয়ে সম্পূর্ণ আলাদা হতে চলেছে তার অভিনীত চরিত্রটি। ডিসি কমিক বইয়ের সঙ্গেও মিলবে না এই চরিত্র। তিনি বলেন, ‘আমার ভার্সনের হার্লে শুধু আমার নিজস্ব। এটি এই ছবিতে এবং এই চরিত্রে একদম অথেনটিক।
এই ছবির জন্য যা করেছি তা আগে কখনো করিনি। তাই এটা পুরো নতুন কিছু এবং মজার হতে চলেছে। ছবিটির অপেক্ষায় আছি।’ এর আগে ‘সুইসাইড স্কোয়াড’, ‘বার্ডস অব প্রে’ এবং দ্য ‘সুইসাইড স্কোয়াড’-এ ‘হার্লে কুইন’ চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন মারগট রবি।
গাগাকে দেখা যাবে মার্কিন অভিনেতা জোয়াকিন ফিনিক্সের বিপরীতে। এছাড়া সিনেমায় আরও থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ আরও অনেকে। ৪ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এর আগে, ১০ এপ্রিল প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।
ট্রেলারের পুরোটা সময় ছিল টানটান উত্তেজনা এবং সংগীত ও অ্যাকশনের মিশেলে ভিন্ন মোড়কের এক আবহের ইঙ্গিত। ট্রেলারে মূলত জোকার ও হার্লি কুইনের মধ্যকার রসায়ন ও ভালোবাসার টুকরো চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গানের তালে তারা যেমন নৃত্যে মেতেছেন, আবার একে অপরকে গভীর চাহনিতে বলেছেন অব্যক্ত কথা। তারা যেন বোঝাতে চেয়েছেন পৃথিবীর এখন প্রয়োজন ভালোবাসা। ট্রেলারের শুরুটা হয় আর্কহাম আশ্রমে, যেখানে প্রথম সিনেমার শেষে বন্দি হয়েছিলেন আর্থার ফ্লেক (জোকার)। সেখান থেকেই শুরু হবে এবারের গল্প।
সময়ের আলো/জিকে