মডেল ও উপস্থাপিকা মৌসুমী মৌয়ের দায়ের করা যৌতুক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার স্বামী আরিফ বিল্লাহ হক।
বুধবার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আরিফ বিল্লাহ। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক এক হাজার টাকা মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এ দিন আসামিপক্ষের আইনজীবী আদালতকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো এক প্রকার ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ ইতোমধ্যে পরিশোধও করা হয়েছে।
জানা যায়, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মডেল ও টিভি উপস্থাপিকা কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক।আরিফ বাদীর কাছ থেকে বিভিন্ন সময়ে সাত লাখ ৯৫ হাজার টাকা নেয়, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একইসঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন মৌ।
সময়ের আলো/জেডআই