ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, স্বাক্ষর জাল করে বিনা অনুমতিতে ওয়াসার সড়ক খননের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ওয়াসা ২৬ নম্বর ওয়ার্ডে ভুয়া কাগজ দেখিয়ে বিনা অনুমতিতে সড়ক খনন করেছে। একটি সংস্থা কিভাবে আমাদের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে ভুয়া কাগজ সৃষ্টির মাধ্যমে এ ধরনের কাজ করে? এটি খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক।
মঙ্গলবার (৯ জুলাই) আজিমপুর আধুনিক নগর মার্কেটের শুভ উদ্বোধন এবং দোকানের চূড়ান্ত বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ওয়াসার মতো এ ধরনের ন্যাক্কারজনক কাজে যদি কোন সংস্থা লিপ্ত হয় তাহলে সমন্বয়ের কোন সুযোগ থাকে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যাত্রাবাড়ী সড়ক খননের জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং লালবাগের ঘটনায়ও ওয়াসা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করবে বলে আমি আশা করি। এ বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অবগত করব। আমরা আশা করব, মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্তরাই না, ১১৭ জনের রুটি রুজির ব্যবস্থা করতে সক্ষম হয়েছি উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, এখানে মাত্র ১৫ জন দোকানি জরাজীর্ণ অবস্থায় কোনরকমে তাদের দোকানের কার্যক্রম চালিয়ে যেত। অত্যন্ত সুন্দর নান্দনিক এই নগর মার্কেট শুধু ক্ষতিগ্রস্তরাই না, আমরা ১১৭ জনের রুটি রুজির ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। নির্ধারিত সময়ের মাঝে নির্মাণ সম্পন্ন করে তা যথাযথভাবে হস্তান্তর করার মধ্য দিয়ে সুশাসন নিশ্চিতে ইতিহাস রচনা করেছে। অনুষ্ঠানে ১৫ জন ক্ষতিগ্রস্তসহ বরাদ্দপ্রাপ্ত অন্যান্যদের মাঝে বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করা হয়।
সময়ের আলো/জেডআই