প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসার পাশাপাশি বেশ সমালোচনার মুখেও পড়েছেন পপ গায়িকা লেডি গাগা। এবার নিজের প্রেম জীবন নিয়ে আলোচনায় উঠে এসেছে তিনি। প্যারিসে নিজের প্রেমিককে সঙ্গে নিয়েই হাজির ছিলেন গাগা। গত চার বছর ধরে মাইকেল পোলানস্কির সঙ্গে প্রেম করছেন। এবার প্রেমিককে বাগদত্তা হিসেবে পরিচয় করালেন এই গায়িকা।
রোববার অলিম্পিক সুইমিং প্রতিযোগিতা পর্বে উপস্থিত হন লেডি গাগা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেমিক মাইকেল। সেখানে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের সঙ্গে মাইকেলকে বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা। গাগার প্রেমিককে হবু বর হিসেবে পরিচয় করানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিয়ের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। ধারনা করা হচ্ছে, বাগদান সেরে ফেলেছেন এই গায়িকা। বিয়ের পিঁড়িতে বসবেন শিগগিরই।
২০২০ সালে প্রকাশ্যে আসে লেডি গাগা ও মাইকেল পোলানাস্কির সম্পর্কের বিষয়টি। অলিম্পিকের মঞ্চে একসঙ্গে হাজির হলেও বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনেননি তারা।
এদিকে তার অভিনীত চলচ্চিত্র ‘জোকার: ফোলি এ ডিউক্স’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। সিনেমাটির ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে দর্শকমহলে।