একই দিনে মা ও বোনকে হারালেন গ্র্যামি বিজয়ী গায়িকা মারিয়া ক্যারি। গত সপ্তাহে মারিয়ার মা প্যাট্রিসিয়া ও বোন অ্যালিসন মারা যান।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপলকে গায়িকা বলেন, ‘গত সপ্তাহে মাকে হারিয়েছি, আমার হৃদয় ভেঙে গেছে। একই দিনে আমার বোন মারা যাওয়ার পর হৃদয়বিদারক মুহূর্ত সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন,‘আমি সৌভাগ্যবান যে, মা মারা যাওয়ার আগে অর্থাৎ গত সপ্তাহ তার সঙ্গে কাটিয়েছি। এই কঠিন সময়ে আমার গোপনীয়তা রক্ষা, সম্মান জানানোর জন্য সকলকে সাধুবাদ জানাই।’ তবে কী কারণে মারিয়ার মা ও বোন মারা গেছেন, সে বিষয়ে কিছু জানাননি ৫৫ বছর বয়সি এই গায়িকা।
মৃত্যুকালে মারিয়ার মা প্যাট্রিসিয়ার বয়স হয়েছিলে ৮৭ বছর। তিনি প্রাক্তন অপেরা গায়িকা এবং ভোকাল কোচ ছিলেন। উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে গানের কণ্ঠ পেয়েছেন মারিয়া।
সময়ের আলো/এম