বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরাও রিমান্ড মঞ্জুরের আবেদন জানান।
অপরদিকে টিপু মুনশির পক্ষে তার আইনজীবী বলেন, তিনি বয়স্ক, অসুস্থ মানুষ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি বার বার নির্বাচিত সংসদ সদস্য।
উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ আদেশ প্রদান করেন। এর আাগে গত ২৮ আগস্ট দিনগত রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি স্মরণী রাস্তার ওপর আসামিরা এলোপাতারিভাবে গুলি করে মো. সুমন সিকদারকে হত্যা করে। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।
সময়ের আলো/জেডআই