দক্ষিণি সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি রাধাকৃষ্ণের একটি ফটোশুট করেছিলেন অভিনেত্রী। সেই ফটোশুটের বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
রাধার বেশে তামান্নাকে দেখে মুগ্ধও হয়েছিলেন তার ভক্ত-অনুরাগীরা। কয়েকদিন পরই সেই ছবির পোস্টে প্রশংসার বদলে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। মূলত একটি ফ্যাশন হাউজের জন্য রাধা সেজে ফটোশুট করেছেন তামান্না।
জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরই শুরু হয় বিতর্ক। ফটোশুটে রাধা ও কৃষ্ণের প্রেমকে তুলে ধরা হয়।
নেটিজেনদের এক দলের দাবি, এই শুটে নাকি রাধাকৃষ্ণের প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে।
অভিযোগকারীরা একটি বিবৃতিতে বলেন, মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এত বড় সাহস কী ভাবে হয় আপনাদের! এমনকি তামান্নার পোশাক নিয়েও আক্রমণ করা হয়। এর পরই তামান্না ও পোশাক বিপণন সংস্থার পক্ষ থেকে সেই ছবিগুলো মুছে ফেলা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম, দুই জায়গাতেই এখন আর সেই পোস্ট দেখা যাচ্ছে না। যদিও এ বিষয়ে তারা কেউই কোনো মন্তব্য করেননি। তবে অনেকে মনে করছেন বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন তামান্না।
সময়ের আলো/জিকে