বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শাহাবুদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার দেখানো হয়।
এছাড়া কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় তেজগাঁও থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান ও সাদেক খানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত ৫ আগস্ট ভিকটিম শাহাবুদ্দিন বাসার পরিবারের সদস্যদের জন্য খাদ্যদ্রব্য কিনতে বাসা থেকে বের হন। তিনি শেরেবাংলা নগর থানার সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় এলে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া গত ৪ আগস্ট কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম একই এলাকায় আন্দোলনে যান। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার ভাই তারিকুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
সময়ের আলো/এএ/