বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও থানার কারওরান বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রিমাণ্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমাণ্ড শেষে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই সৈয়দ ইমরুল সাহেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জামিনের আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন। গত ৪ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত। গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ। এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।
সময়ের আলো/জিকে