রাজধানীর কারওয়ানবাজার ট্রেনের ধাক্কায় নুরনবী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কারওয়ানবাজার রেলগেটের পাশে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত নুরনবীর বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী গ্রামে। বর্তমানে কারওয়ানবাজার এলাকাতেই থাকতেন। মাছ বিক্রি করতেন তিনি।
নুরনবীর সহকর্মী মো. জুয়েল কবির জানান, সন্ধ্যার দিকে একটি ট্রেন কমলাপুর থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রেন ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে সহকর্মীরা। তবে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সময়ের আলো/জিকে