অর্থপাচার মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। অব্যাহতিপ্রাপ্ত অন্য দুইজন হলেন- আরএকে সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ এসএম জিয়াউর রহমান এই আদেশ দেন।
বৃহস্পতিবার মামলায় অভিযোগ গঠনের জন্য ধার্য তারিখে আদালতে আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। অন্যদিকে দুদকের পক্ষে মীর আহাম্মদ আলী সালাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আদেশ দেন।
২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় ফালু ও অন্য তিনজনের বিরুদ্ধে দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, ফালু ও অন্য তিন ব্যবসায়ী আরএকে সিরামিকস ও ডেভেলপমেন্ট কোম্পানির এমডি এস এ কে ইকরামুজ্জামান, স্টার সিরামিকস লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান এবং পরিচালক ম. আমির হোসাইন দুবাইতে ২০১০ সালে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রাই স্টার লিমিটেড ও ডেভেলপমেন্ট ইইউই নামে ৩টি প্রতিষ্ঠান চালু করেন। তারা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অবৈধভাবে দেশ থেকে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচার করেন।
সময়ের আলো/জেডআই