দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বছরের শুরু ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তার ‘পেয়ারার সুবাস’ সিনেমা। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এটি বছরের শেষ সিনেমা। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান।
পরিচালক বলেন, সিনেমাটি প্রস্তুত ছিল, পরিকল্পনা ছিল ডিসেম্বরে বিজয়ের মাসে মুক্তি দেওয়ার। অন্যান্য বছর ডিসেম্বরে মুক্তিযুদ্ধের অনেক সিনেমা মুক্তি পায়। এই বছর মুক্তি পায়নি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বছরের শেষ মুহূর্তে এসে আমার সিনেমাটি মুক্তি দিচ্ছি।
সিনেমাটির চিত্রনাট্য প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প। দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গেছে। পরে তারা নকশী কাঁথার মধ্যে তাদের জীবন সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তোলেন। ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি মুক্তি পেয়েছে ছয় প্রেক্ষাগৃহে।
সময়ের আলো/আরএস/