চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজ এমভি আল বাখেরায় সাত নাবিককে হত্যার ঘটনায় আটক আসামি আকাশ মন্ডল ওরফে ইফরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৭ দিনের রিমান্ড শেষে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তি দেন। এ সময় দুপুর প্রায় ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ২৬ পৃষ্ঠার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।
এর আগে গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী জাহাজ এমভি আল বাখেরায় ৭ জনকে কুপিয়ে হত্যা হত্যা করা হয়। এই ঘটনায় জুয়েল রানা নামে একজন মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। জাহাজটি চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল। এ ঘটনায় জুয়েল নমের একজন মারাত্মক আহত হয় একজন।
এই ঘটনায় গত ২৪ ডিসেম্বর জাহাজের মালিকপক্ষ মাহাবুব মোর্শেদ বাদী হয় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন গত ২৫ ডিসেম্বর বাগেরহাট থেকে আকাশ মন্ডল ইফরানকে আটক করে র্যাব ১১ এর একটি টিম। একই দিন সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা হরিনা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আকাশ মন্ডলকে খুব দ্রুত গ্রেফতার করা হয়। ৭ দিনের রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আকাশ মন্ডল মাস্টারমাইন্ড হিসেবে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। আমরা আশা করি, এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার পাব।
সময়ের আলো/আরআই