সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, কামাল আহমেদ মজুমদার ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
প্রথম মামলায় ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদের মালিকানা ভোগদখলে রেখেছেন। এছাড়া নিজের নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ১০টি হিসাবে ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দ্বিতীয় মামলায় তার ছেলে শাহেদ আহমেদ মজুমদার ও বাবা কামাল আহমেদ মজুমদারকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।
এছাড়া কামাল আহমেদের স্ত্রী শাহিদা কামালের নামে কোনোন আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তথাপি তার নামে বেনামে সম্পদের প্রমাণ পাওয়ায় দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।
এছাড়াও কামাল আহমেদ মজুমদারের স্ত্রী অভিযোগ সংশ্লিষ্ট শাহিদা কামালের নামে কোন আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তারপরও তার নামে-বেনামে সম্পদ থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এজন্য তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।