ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ চারজনের নিয়োগ বাতিল করেছে সরকার। সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও মো. মন্টু আলম।
সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিলক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
উল্লেখ্য, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করে থাকেন।
সময়ের আলো/এআর