বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। একইসঙ্গে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এছাড়া এই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে ঢাকার অধস্তন আদালতের বিচারকেরা এজলাসে ওঠা থেকে বিরত থাকেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে সকাল ৬টায় এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার সব আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন
অপরদিকে ঢাকার অধস্তন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি শোকবার্তা দিয়ে জানায়, আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। পরে মিটিং শেষে সিএমএম আদালতের বিচারকেরা এজলাসে না ওঠার বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।
এএডি/