গেল ১৪ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেয়েছে ভিকি কৌশল-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘ছাবা’। শিবাজি সাওয়ান্তের লেখা মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে তৈরি এই সিনেমার উপজীব্য ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির জীবনকাহিনি। খলনায়ক হিসেবে সেখানে দেখানো হয়েছে বৃদ্ধ মোঘল সম্রাট ঔরঙ্গজেবকে।
এমন আলোচিত কাহিনির সিনেমা গত কয়েক দিনে ভালো ব্যবসা করেছে। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই সিনেমার প্রশংসা করেছেন তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু এরই মধ্যে বিপত্তিতে পড়েছে ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য বিকৃতির অভিযোগে সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন গনোজি ও কানহোজি শির্কের বংশধররা।
ইতোমধ্যেই ছবির সংশ্লিষ্টদের উদ্দেশে ১০০ কোটি টাকার মানহানির মামলার হুমকি দিয়েছেন তারা। দাবি, তাদের পূর্বপুরুষদের চিত্রায়ণ নাকি যথাযথ তুলে ধরা হয়নি এ সিনেমাতে।
ছত্রপতি সম্ভাজি মহারাজের বিশ্বস্ত মিত্র ছিলেন গণোজি এবং কানহোজি। ছবির চিত্রনাট্য অনুযায়ী মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে হাত মিলিয়ে সম্ভাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন সম্ভাজির এই দুই মিত্র। এর ফলে মারাঠা শাসকের মৃত্যু হয়। এমন চিত্রায়ণে আপত্তি জানিয়েছেন তাদের বংশধরেরা। পাশাপাশি তাদের বিশ্বাস, ছবিতে তাদের পূর্বপুরুষদের যেভাবে তুলে ধরা হয়েছে তা তাদের উত্তরাধিকারকে কলঙ্কিত করছে।
ছবিটি মুক্তির পর গণোজি এবং কানহোজি শির্কের ১৩তম বংশধর লক্ষ্মীকান্ত রাজে শির্ক চলচ্চিত্র নির্মাতাদের তীব্র সমালোচনা করে বলেন,‘ঐতিহাসিক তথ্যের ভুল ব্যাখ্যা।’ হতাশা প্রকাশ করে তিনি জানান, এই চিত্রায়ণ তার পরিবারের ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করছে। তারা ইতোমধ্যেই পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন। লক্ষ্মীকান্ত তার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করার হুমকিও দিয়েছেন।
কথিত তথ্য বিকৃতি এড়াতে গত ২০ ফেব্রুয়ারি ‘ছাবা’ টিমের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন গনোজি, কানহোজির বংশধরেরা।
প্রতিক্রিয়ায় এর মধ্যেই পরিচালক লক্ষ্মণ উতেকর ব্যক্তিগতভাবে এই যোদ্ধাদের বংশধর ভূষণ শির্কের সঙ্গে যোগাযোগ করেছেন। এমন অনিচ্ছাকৃত আঘাতের জন্য ক্ষমা চেয়েছেন। শুধু তাই নয়, তিনি যে সিনেমাটিতে কোনো গ্রামের নাম বা তাদের নামের শেষ অংশ ব্যবহার করে অপমান করতে চাননি, সেকথাও জানিয়েছেন। এবার দেখতে হবে ক্ষমাপ্রার্থী পরিচালকের অনুরোধে মাফ পান কিনা!
এর আগে সিনেমায় সম্ভাজি মহারাজের নাচ ও গানের দৃশ্য নিয়ে বিতর্কের মুখে সিনেমা থেকে দৃশ্যগুলো বাদ দিয়েছিলেন নির্মাতারা।
এদিকে এখনো বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ছাবা’ সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে ভিকির ছবিটি ২১৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। দ্বিতীয় শুক্রবার ছবিটি ২৩ কোটি ৫০ লাখ রুপি ঘরে তোলে। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৪৫ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির ১০ দিনে ছবিটি আয় করেছে ৩১৬ কোটি রুপি।
‘ছাবা’ ছবিটির প্রযোজক দীনেশ বিজন। আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না।