রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ভোটগ্রহণ জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রাকসু নির্বাচনের রোড ম্যাপকে ১২টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত দেওয়া যাবে ২৮ মার্চ পর্যন্ত। দ্বিতীয় ধাপে রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত ও প্রকাশ করা হবে ১৩ এপ্রিল।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তালিকা নিয়ে আপত্তি ও চূড়ান্ত ভোটার তালিকা ১৩ মের মধ্যে প্রকাশ করা হবে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ধাপে মানপত্র বিতরণ, দাখিল এবং নিরীক্ষা ও বাছাই ২০ মের মধ্যে সম্পূর্ণ করা হবে। নবম ধাপে ২২ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। দশম ধাপে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য্য করা হয়েছে ২৫ মে।
সর্বশেষ ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।