চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আবু দাউদ মোহাম্মদ মামুন।
জানাজায় উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, আমি বক্তৃতা দেওয়ার পক্ষে না। অনেক ছাত্র যেতে পারেনি, যার কারণে আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। সব মানুষ যাকে ভালবাসে, তাকে আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন।
জানাজার পর চাকসুর জি এস সাঈদ বিন হাবিব বলেন, উনি একজন জনপ্রিয় নেত্রী ছিলেন। বাংলাদেশপন্থি, দেশকে ধারণ করেছিলেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন, চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম রনি, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মো. মোনায়েম শরীফ, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমানসহ চাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ।
গায়েবানা জানাজায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও আজ বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করার হয়।
এফআর