রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেশন বাজার সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে

2025-03-05T13:38:27+00:00
2025-03-05T17:39:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১:৩৮ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৫ ৫:৩৯ পিএম
রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেশন বাজার সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়। দেড় ঘণ্টার অধিক সময় অবরোধের পর তিন দফা দাবি জানিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। 

বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় তারা এই অবরোধ শুরু করেন।

কর্মসূচিতে এসময়, 'ঢাকা না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ,' 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,' 'দিয়েছিতো রক্ত, আরো দিবো রক্ত,' 'ক্ষমতা না জনতা, জনতা জনতা, 'আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম,' 'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,' 'অবৈধ সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,' 'গোলামী না আজাদী, আজাদী আজাদী,' 'সিন্ডিকেট না মুক্তি, মুক্তি-মুক্তি,' 'পেতে চাইলে মুক্তি ছাড়ো ঢাবি ভক্তি'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দীন আম্মার বলেন, আমরা ডিসেন্ট্রালাইজড একটি নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের প্রধান দাবি ছিল, পাহাড় থেকে সমতলে সকল জায়গায় যত যোগ্য মানুষ আছে তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। পাবলিক, মাদ্রাসা, জাতীয় ও প্রাইভেটসহ যার যার হিস্যা তাদের বুঝিয়ে দিতে হবে। ঢাকা কেন্দ্রীক ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতার বিরুদ্ধে জুলাই নেমে এসেছিলো, কিন্তু জুলাই চলে যাওয়ার পর আবারও ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। ইউজিসি, পিএসসি, সংস্থার কমিশনসহ দেশের সকল ক্ষেত্রে এককেন্দ্রিক আধিপত্য দেখা যাচ্ছে। তারা গত ৭ মাসে অন্য কোনো অংশিদারকে সেভাবে মূল্যায়ণ করে নি। ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার এখনো অনেক সময় আছে। নতুন করে রূপরেখা প্রণয়ণ করে দ্রুত সময়ের মধ্যে তা কার্যকর করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ৫ আগস্টের বিজয়ের পর আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল আমরা সবাই একসঙ্গে রাষ্ট্র পুনর্গঠন করব। কিন্তু এতদিন পরে এসেও আমরা দেখছি ঢাবি বা ঢাকা কেন্দ্রিক নির্দিষ্ট একটি সিন্ডিকেটের কাছে রাষ্ট্র বন্দি হয়ে গেছে। এই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণির মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অস্বীকার করে এককভাবে ক্ষমতার কেন্দ্র ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে করা হয়েছে। আজকে রেললাইন অবরোধ করে আমরা দাবি জানাচ্ছি, আন্দোলনের প্রত্যেকটা অংশীদার ও পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ দিতে হবে।

এদিন দুপুর ১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি দাবি জানিয়ে আজকের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন এবং আগামীকাল সন্ধ্যা ৭ টায় জোহা চত্বরে সমবেত হওয়ার ঘোষণা দেন। দাবি দ্রুত সময়ের মধ্যে আমলে নিয়ে পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

দাবি তিনটি হচ্ছে-

১. রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ, জাতীয় বিশ্বিবদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ দেশের সকল স্টেক দের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

২. সংস্কার কমিশন, পিএসসি,ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৩. ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ণ করতে হবে।

এর আগে ঢাবি কেন্দ্রীক নিয়োগ বৈষম্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাত ১০টার পর থেকে বিভিন্ন আবাসিক হল থেকে মিছিল শুরু করে জোহা চত্বরে মিলিত হন শিক্ষার্থীরা। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেন তারা। পরে, রাত ১২টার দিকে ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রেললাইন অবরোধের ঘোষণা দেওয়া হয়।


  বিষয়:   রাজশাহী  অবরোধ  রেলপথ  বিক্ষোভ  রাজশাহী বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: