সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ প্রজ্ঞাপন জারি করেন।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন।
মন্ত্রণালয় পুনর্বণ্টনের ফলে এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার অপর মন্ত্রণালয় শিক্ষার দায়িত্ব সামলাবেন সি আর আবরার।
এর আগে, বুধবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ।
২০২৪ সালের ১৬ আগস্ট প্রথম মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়। এরপর ২৭ আগস্ট, ১০ নভেম্বর, ২০ জানুয়ারি এবং সবশেষ ২৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।