মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিনন্দন জানিয়েছেন। বুধবার (২৬ মার্চ) এই অভিনন্দন জানান তিনি।
ঢাকায় অবস্থিত পাকিস্তানের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। তবে এই পোস্টে ‘স্বাধীনতা’ শব্দটি উল্লেখ করা হয়নি। বলা হয়েছে এটি বাংলাদেশের জাতীয় দিবস।
ফেসবুক পোস্টে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। এছাড়াও প্রধানমন্ত্রী তার বার্তায় পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের ওপর জোর দিয়েছেন।
শাহবাজ আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক বোঝাপড়া এবং সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে। যা হয়েছে মূলত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত আগ্রহ ও বিচক্ষণতার কারণে। গত বছর নিউইয়র্ক ও কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ বৈঠকের কথা স্মরণ করে শাহবাজ বলেন, যেখানে উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের যৌথ প্রচেষ্টা ও বোঝাপড়ার মাধ্যমে আমরা আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক ইতিবাচক সহযোগিতার একটি নতুন অধ্যায় উন্মোচন করতে পারব। যা দক্ষিণ এশীয় অঞ্চলে উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধিতেও অবদান রাখবে।’
বিবৃতিতে শাহবাজ শরিফ পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।