বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর মো. শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই শাহীন মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। এছাড়া রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটন শাহিন রেজা জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে গত ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান-২ থেকে মোরশেদ আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমণ্ডি ৩২ নাম্বারের হোটেল চিলিসের সামনে আন্দোলনে অংশ নেয় মো. শামীম। বিকেলে আসামিরা গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করলে শামীম আগুনে দগ্ধ হন। পরে ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ অক্টোবর ভিকটিমের মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে এজাহারনামীয় আসামি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করে।