দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। তখন দ্রুতই দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে তিনি এ আশা প্রকাশ করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়েছে। দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। চিকন যে চাল বিশেষ করে নাজিরশাইল বা মিনিকেট এটা কিন্তু বোরো মৌসুমের চাল থেকেই আসে।
তিনি বলেন, এ বছর আমাদের আবহাওয়া ও বিদ্যুতের এবং সারের সরবরাহসহ সামগ্রিক বিষয় ভালো ছিল। আমরা মনে করছি আল্লাহর রহমতে আমাদের ফসল তথা ধানেও একটা বরকত আসবে। আশা করি নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখে যে ব্যবস্থাপনা করা যায় সেটাই করছি।
ট্রাম্পের প্রতিনিধিদল বাংলাদেশে এলে দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলার সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, একমাত্র এ বিষয়টিই গুরুত্ব পাবে।