৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৪৪তম লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৫৩৫ জন এবং সাধারণ ক্যাডারের ৩ হাজার ৩২১ জন প্রার্থীর জন্য এই নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সংশোধিত সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২২ এপ্রিল এবং চলবে ১৬ জুন পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়।
কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। এর ফলে ৮ এপ্রিল প্রকাশিত পূর্ববর্তী মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে এবং এই সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। মৌখিক পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্রসহ উক্ত ফরম নির্ধারিত বোর্ডে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
যদি কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ জমা দিতে ব্যর্থ হন, তাহলে তার প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৪৪তম বিসিএসে মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে- প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগের কথা বলা হয়েছে।
সংশোধিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।