ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমসিকিউ অংশের ভর্তি পরীক্ষা আগামী ১৭ মে পুনরায় অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রে ত্রুটি থাকার প্রেক্ষিতে আদালতের নির্দেশনায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, ১৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় এমসিকিউ অংশ আগামী ১৭ মে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের এমসিকিউ অংশ পুনরায় গ্রহণের বিষয়টিতে আদালতের নির্দেশ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ মে পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।