‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫’ প্রকাশিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে। এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এটি ১৩তম সংস্করণ।
২০২৫ সালে ৮৫৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে করা এশিয়ার সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তালিকায় সেরা ৩০০-র মধ্যেও নেই বাংলাদেশের কোনো সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে এ তালিকায় ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। যেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তালিকায় ৩০১-৩৫০ এর ভেতর অবস্থান বিশ্ববিদ্যালয়টির।
টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৫টি অঞ্চলের বিশ্ববিদ্যালয় নিয়ে করা এই র্যাংকিংয়ে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। তালিকায় ৩০১-৩৫০ এর ভেতর অবস্থান বিশ্ববিদ্যালয়টির।
তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান করে নিয়েছে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
৪০১-৫০০ এর মধ্যে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৫০১-৬০০ এর মধ্যে অবস্থান করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়াও তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
এদিকে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দুটি বিশ্ববিদ্যালয় চীনের। প্রথমে অবস্থান করছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়। তালিকায় পরের বিশ্ববিদ্যালয়টি পিকিং বিশ্ববিদ্যালয়। তালিকার তিন নম্বরে আছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়।
এসটিও