প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন দুই সংগীত তারকা প্রীতম হাসান ও জেফার রহমান। গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমার সাফল্যের পর জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করতে যাচ্ছেন রোমান্টিক ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু।’ সেখানেই জুটি হিসেবে দেখা যাবে এই দুই তারকাকে। জানা গেছে, আজ বুধবার রাজধানী ঢাকাতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং, চলবে টানা পাঁচ দিন। এরপর কক্সবাজারে হবে এর বাকি অংশের দৃশ্যায়ন।
এ প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘তুমি আমি শুধু’ একদম রোমান্টিক ঘরানার প্রজেক্ট। নতুন গল্প, নতুন জুটি। প্রীতম এবং জেফার দুজনেই গানের মানুষ। এই দুজনকে নিয়ে একটা নতুন চ্যালেঞ্জ। দর্শকদের পছন্দ হবে আশা করি।’
প্রসঙ্গত, প্রীতমকে সবশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সবশেষ অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’ তে। এ ছাড়া সম্প্রতি প্রকাশ হয়েছে জেফারের নতুন গান ‘তীর’। গানটি এরই মধ্যে শ্রোতাদের কাছে বেশ সাড়া ফেলেছে। আসছে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।