রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানায় এসআই তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- মো. তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিক। গত ১৩ মে দিবাগত রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মঙ্গলবার রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।
এসটিও