জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেছেন, এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। আমাদের দাবি স্পষ্ট এবং যৌক্তিক। এজন্য দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে এক চুল পেছনে যাব না।
শুক্রবার (১৬ মে) বেলা ১১টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রইছ উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে।
ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তৃতীয়দিনের মতো সড়কে নেমেছেন জবি শিক্ষার্থীরা। সকাল থেকেই তারা সড়কে ভিড় করতে শুরু করেন।
আজ কাকরাইল মোড়ে নয়, বরং প্রধান উপদেষ্টার ভবনের যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ফলে খোলা রয়েছে কাকরাইল মোড়, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ে শুক্রবার জুম্মার নামাজের পর জবি শিক্ষার্থীদের গণ অনশন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.রইছউদ্দীন এ ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবে শিক্ষার্থীরা।