জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে। রোদ-বৃষ্টিতে ভিজে কাকরাইল মসজিদ মোড়ে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে এখনো সরকার থেকে কোনো কাঙ্ক্ষিত বার্তা আসেনি।
শুক্রবার সকাল থেকেই নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হতে থাকেন।
শিক্ষার্থীরা বলছেন, আমরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবি যৌক্তিক দাবি। হল, আবাসন আমাদের অধিকার।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, আমরা মোড়ে আসা মাত্রই বুধবার অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো বার্তা আসেনি।
আরেক শিক্ষার্থী আবু তালহা বলেন, জুম্মার পর থেকে আমরা গণঅনশনে বসব আমরা। আমাদের দাবি না মানার সুযোগ নেই।
আব্দুল আলিম আরিফ বলেন, শিক্ষার্থীদের ওপর যে লাঠি চার্জ করা হয়েছে, যে হামলা চালানো হয়েছে এটা অন্যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি অতিদ্রুত মেনে নিতে হবে। আমরা ভিক্ষা চাইতে আসিনি। অধিকার আদায়ে এসেছি। রক্তচক্ষু দেখাবেন না আমাদের।
এর আগে গতকাল রাতে আলোচনার জন্য উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ও উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় দীর্ঘসময় মিটিং করলেও কোনো সমাধান আসেনি। পরবর্তীতে রাত ১২ টায় নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা আজ জুম্মার পরে গণ অনশন শুরু করবেন।
সময়ের আলো/এএইচ