বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা তুরিন আফরোজকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম. মিজবাহ উর রহমান এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী আরাফাত হুসাইন রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৫নম্বর সেক্টরস্থ ৪নম্বর রোডের জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে আরাফাত হুসাইন বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের একদফা দাবিতে উত্তরা পশ্চিম থানাধীন ৭নম্বর সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল।
এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী হুসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় ভাই মো. হাসান আলী।
/এসটিও