ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ জুন) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে আইন উপদেষ্টার গত ১৬ জুনের বক্তব্য কিছু পত্রিকায় বিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়েছে। ফলে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। উক্ত বিভ্রান্তি দূরীকরণে জানানো যাচ্ছে যে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোন সরকারি সিদ্ধান্ত হয়নি।
আইন মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিবৃতিতে আরও জানানো হয়, গত ১৬ জুন আইন উপদেষ্টা সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সময়মতো রাজনৈতিক দল, ছাত্রনেতৃত্ব ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে কি করা যায় তা চিন্তা করা হবে।
এছাড়া, উপদেষ্টা তার বিভিন্ন সময়ের বক্তব্যেও বলেছেন, এ ধরনের কমিশন গঠনের কথা ভাবা যেতে পারে জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যার বিচার হওয়ার পর এবং গণঅভ্যুত্থানে পতিত দলটির নেতাদের অনুশোচনা প্রকাশ সাপেক্ষে। তার বক্তব্য ছিল, গণহত্যাকারীরা যে জাতি থেকে বিচ্ছিন্ন ও পরিত্যাজ্য এটি প্রতিষ্ঠার জন্যও এ ধরনের কমিশন গঠনের কথা ভাবা যায়।
/এসটিও