বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, গ্রামীণ এলাকায় ভিডিপি সদস্যরা সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে, তেমনি নগর এলাকায় নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) সদস্যরাও দুর্যোগ ও সংকটকালে আস্থার প্রতীক হিসেবে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই ভূমিকা আরও জোরদার হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” প্রতিপাদ্যে নগর প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক নুরুল আফসারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ডের ৫ হাজার ২৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গত ১৬ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরকে নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।
প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে আনসার ভিডিপি ডিজি বলেন, ‘আপনারা শুধু একটি বাহিনীর সদস্য নন, বরং এই মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। শুধু বাহ্যিক দুর্যোগ নয়, সমাজে বিদ্যমান অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধেও আপনাদের সচেতন, দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে টিডিপি সদস্যরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।’
/এসটিও