২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পূর্ববর্তী বাজেট থেকে বিস্কুট ও পাউরুটির ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে, যা বর্তমান বাজেটেও অব্যাহত আছে। এই উচ্চ ভ্যাটের কারণে বিস্কুট ও পাউরুটির আকার ছোট হয়ে যাচ্ছে অথবা দাম বেড়ে যাচ্ছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সরাসরি প্রভাব ফেলছে। ৭০ শতাংশ মানুষের প্রত্যাশা ছিল আসন্ন বাজেটে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক কিছু থাকবে, কিন্তু এই ভ্যাট আরোপে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা দরকার।
নিত্যপ্রয়োজনীয় খাবার রুটি ও বিস্কুটের ওপর উচ্চ ভ্যাট অব্যাহত রাখায় দরিদ্র মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ সৃষ্টি এবং এই বৈষম্যমূলক করনীতির পুনর্বিবেচনার দাবিতে বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। ইআরএফ ও ইয়ুথ পলিসি নেটওয়ার্ক (ওয়াইপিএন) যৌথভাবে আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট’ শীর্ষক এই সেমিনারে বক্তারা সরকারের বর্তমান করনীতি দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বলে উল্লেখ করেছেন।
এ সময় গবেষণার ফলাফল তুলে ধরে বলা হয়, তাদের জরিপে নিম্ন আয়ের (১০ থেকে ১৫ হাজার টাকা মাসিক আয়) মানুষের মধ্যে ৬০ শতাংশ সকালের খাবার বাদ দেন এবং ৩.৫ শতাংশ দুপুর বা বিকালের খাবারও বাদ দিতে বাধ্য হন। ৮৮ শতাংশ নিম্ন আয়ের মানুষ প্রতিদিন কোনো না কোনোভাবে রুটি-বিস্কুট গ্রহণ করেন, যা তাদের জন্য ভাতের সস্তা বিকল্প। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথ পলিসি নেটওয়ার্কের হেড অব রিসার্চ কেএম ইমরুল হাসান। আলোচনায় অংশ নেন দৈনিক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ সংকর সাহা, ওয়াইপিএনের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আকবর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তাপসী রাবেয়া এবং বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।
ওয়াইপিএনের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আকবর হোসেন তার ফলোআপ গবেষণার তথ্য তুলে ধরে বলেন, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী, রিকশাচালক, দিনমজুর, পোশাক শ্রমিক এবং ডেলিভারি ম্যানদের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, বিস্কুট ও ব্রেড এখন আর নাশতার খাবার নয়, বরং দরিদ্র মানুষের একবেলার নিত্যপ্রয়োজনীয় খাবার হয়ে উঠেছে। তার গবেষণা অনুযায়ী, ৬৮ শতাংশ মানুষ প্যাকেটজাত বিস্কুট খায় এবং ৬৫ শতাংশ মানুষ প্যাকেটজাত বিস্কুট ক্রয়ে প্রতিদিন ন্যূনতম ৩০ টাকা খরচ করে। ৭০ শতাংশ খুচরা বিক্রেতা জানিয়েছেন যে, ভ্যাট বৃদ্ধির কারণে তাদের দোকানে প্যাকেটজাত বিস্কুট ও রুটি বিক্রি কমে গেছে। তিনি বলেন, সরকার রুটি ও বিস্কুট থেকে বছরে প্রায় ৪৫০ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করে, অথচ এই করের কারণে দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় মারাত্মক প্রভাব পড়ছে।
দৈনিক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ সংকর সাহা বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও এই ধরনের করনীতির কারণে দেশে আরও ৩০ লাখ মানুষ নতুন করে অতি দরিদ্র হতে পারে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, ৭০ শতাংশ মানুষের আশা ছিল যে এই বাজেটে তাদের প্রত্যাশা পূরণ হবে, কিন্তু সম্ভবত তা হয়নি। তিনি সাধারণ মানুষের প্রতি সহনশীল হওয়ার জন্য কর ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তাপসী রাবেয়া বলেন, বাংলাদেশের সংবিধানে সব ক্ষমতার উৎস জনগণ এবং রাষ্ট্রের অন্যতম লক্ষ্য একটি শোষণমুক্ত সমাজব্যবস্থা কায়েম করা। অথচ এখনও দেশের ২০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ওপর ভ্যাট তাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, রুটি-বিস্কুট দরিদ্র মানুষের জন্য ন্যূনতম খাবার, এর চেয়ে নিচে যাওয়ার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া ওয়াইপিএনের গবেষণার ফলাফলের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেন। তিনি বলেন, আগে যখন রুটি-বিস্কুটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল, তখন অ্যাসোসিয়েশন আন্দোলন করেছিল এবং এনবিআর চেয়ারম্যানের সঙ্গে দুবার বৈঠক করে ভ্যাট ৭.৫ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছিল। তিনি বলেন, তারা সরকারের কাছে সবসময় রুটি-বিস্কুটকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য হিসেবে গণ্য করে শূন্য ভ্যাট রাখার দাবি জানিয়ে আসছেন। শফিকুর রহমান ভূঁইয়া বলেন, যদি শূন্য ভ্যাট সম্ভব না হয়, তবে সর্বোচ্চ ৩ শতাংশ ভ্যাট রাখা উচিত, যা এফবিসিসিআইও সুপারিশ করেছিল। তিনি এনবিআর চেয়ারম্যানের প্রতি এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান।
প্রধান অতিথি এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট আরোপ করা উচিত কি না তা নিয়ে একটি মৌলিক বিতর্ক সবসময়ই থাকবে। করনীতি প্রণয়নে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয় জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি সরকারের ঋণ নির্ভরতা কমানো, বিশেষ করে ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির বিষয়গুলো মাথায় রাখতে হয়।
তিনি বলেন, সহজে রাজস্ব আদায়ের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর আরোপ একটি ‘বদভ্যাস’ হতে পারে। তবে দেশের জন্য রাজস্ব সংগ্রহের গুরুত্ব এবং ঋণ নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
চেয়ারম্যান উল্লেখ করেন, বাংলাদেশে ট্যাক্স-জিডিপি অনুপাত বিশ্বের সর্বনিম্নগুলোর মধ্যে একটি। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সরকার বুঝতে পেরেছে যে, ভ্যাট দরিদ্র মানুষের ওপর চাপ সৃষ্টি করছে, তখন রুটি-বিস্কুটের ওপর ভ্যাট ১৫ থেকে ৭.৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।
সময়ের আলো/এমএইচ