শীতে থমকে গেছে জনপদ

নিজস্ব প্রতিবেদক

শেষ পাতা

বছরের শেষবেলায় এসে প্রকৃতি যেন তার রুদ্র শীতল রূপ ধারণ করতে শুরু করেছে। হাড় কাঁপানো শীতের পাশাপাশি ঘন কুয়াশা জনজীবন

2025-12-31T00:29:38+00:00
2025-12-31T00:29:38+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ পাতা
শীতে থমকে গেছে জনপদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ এএম 
রাজধানীসহ সারা দেশে বেড়ে চলেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে ব্যাঘাত ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়, বাড়ছে ভোগান্তি। পুরান ঢাকা থেকে গতকাল মঙ্গলবার তোলা। ছবি : শেখ ফেরদৌস
বছরের শেষবেলায় এসে প্রকৃতি যেন তার রুদ্র শীতল রূপ ধারণ করতে শুরু করেছে। হাড় কাঁপানো শীতের পাশাপাশি ঘন কুয়াশা জনজীবন বিপর্যস্ত করে তুলছে। হিমেল হাওয়ার থমকে গেছে চঞ্চল জনপদ। সূর্যোদয় হলেও উত্তাপ বিলীন, মাঠ-ঘাট ছাপিয়ে কনকনে ঠান্ডা জানান দিচ্ছে রাজত্ব এখন শীতের। আবার বিভিন্ন জেলাতে গত কয়েক দিন ধরে  ভরদুপুরেও সূর্যের দেখা মিলছে না। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। প্রকৃতির এই রুদ্র শীতলতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ ছাড়া রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বেড়েছে শীতজনিত অসুখ-বিসুখও। প্রত্যন্ত গ্রামগুলোতে শীত নিবারণের জন্য খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। শীতবস্ত্রের অভাবে এসব এলাকার হতদরিদ্র মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আর কুয়াশায় যানবাহন চলাচলেও ঘটছে বিঘ্ন। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শীতের তীব্রতা আরও দুদিন থাকতে পারে এবং একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। মঙ্গলবার রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত রোববার রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ‘কিছুটা’ বাড়ার আভাস দিয়ে সংস্থাটি বলছে, ওইদিন থেকে শীতের তীব্রতা ‘খানিকটা কমতে পারে’, তবে পুরোপুরি চলে যাবে না। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমবে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সারা দিনই তা চলতে পারে বলে আভাস দিয়ে অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, কুয়াশাচ্ছন্ন আকাশে কয়েক দিন সূর্যের দেখা না মেলায় দেশের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য অনেকটাই কম। তাই তীব্র শীত অনুভূত হচ্ছে। 

আরও দুদিন শীতের এমন তীব্রতা থাকবে। বৃহস্পতিবার থেকে দেশের কিছু অংশে দিনের মধ্যভাগে কুয়াশা কিছুটা কেটে সূর্যের দেখা মিলবে। তাই ওইদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেড়ে ওইসব এলাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হবে। গত সোমবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ হয়নি জানিয়ে তিনি বলেন, আগামী কয়েক দিন কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। 

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর বলছে, মঙ্গলবার সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধ থেকে শনিবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই পাঁচ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে; কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার ও বুধবার কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। 

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং বুধবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এ দুদিন শীতের অনুভূতি বেশি থাকতে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। শুক্র ও শনিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপরের পাঁচ দিনের শেষ দিকে রাত ও দিনের তাপমাত্রা ফের কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদফতর। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   শীত  থমকে গেছে  জনপদ 


Advertisement
Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: