অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী এয়ারলাইন্স কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামিদের পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. জাকির হোসাইন শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ প্রদান করেন।
এদিন ক্রিকেটার নাসির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে তামিমা সুলতানা তাম্মী চাকরি থেকে ছুটি না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ মামলায় ৯ জনের সাক্ষ্য শেষ হয়েছে। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়।
এ অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মীর সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
/এসটিও