রাষ্ট্রদ্রোহ ও অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। এদিন তার আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
মঙ্গলবার (১ জুলাই) ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন কে এম নুরুল হুদা। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।
উল্লেখ্য, গত ২২ জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে মামলা করে। মামলায় সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকেসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একইসঙ্গে ওইসব নির্বাচনে দায়িত্ব পালনকারী তিন সাবেক সিইসিসহ অজ্ঞাতপরিচয় মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) পৃথকভাবে অভিযোগ জমা দিয়েছে দলটি।
/এসটিও