সাজানো অভিযান চালিয়ে কোটি টাকা চাঁদা দাবি ও ক্ষয়ক্ষতির অভিযোগে কলাবাগান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফিকামলি তত্ত্বের জনক, শিক্ষাবিদ ড. আব্দুল ওয়াদুদ বাদী হয়ে এ মামলাটি করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিফাত উল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন- কলাবাগান থানার এসআই বেলাল হোসেন ও কলাবাগান থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মান্নান ভূইয়া।
বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মেজর (অব.) এম সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ এপ্রিল গভীর রাতে কলাবাগান থানার পুলিশের সহযোগিতায় একদল সন্ত্রাসী ড. আব্দুল ওয়াদুদের বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে। পুলিশ ও সন্ত্রাসীরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে ও ২ লাখ টাকা নিয়ে যায়। বাদবাকি টাকা দিতে না পারলে দশটি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। বিশেষ করে গবেষণার জন্য সংগ্রহ করা ২০ জোড়া দুর্লভ পাখি নিয়ে যায়, যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। বহিরাগতরা ঢুকে হরিণ ধরার চেষ্টা করলে একটি গর্ভবতী হরিণ মারা যায়। তাই তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৯৩/১৪৯/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
/এসটিও