অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, সামনের সপ্তাহের মাঝামাঝিতে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসা হতে পারে। সোমবার (১৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, তৃতীয় রাউন্ডের আলোচনার প্রস্তুতি নেওয়ার জন্য এবং অর্থনৈতিক কিছু বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করলাম, আরও করবো। ভালো ফলাফল পাওয়ার জন্য সার্বিকভাবে সবাই একত্রে কাজ করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং আলোচনা যথেষ্ট এগিয়ে নিয়েছি।
তিনি বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে সুন্দর সুন্দর কিছু পরামর্শ পেয়েছি। সেগুলোকে কাজে লাগাবো। তৃতীয় ধাপের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাইবো। হয়তো সামনের সপ্তাহের মাঝামাঝি নাগাদ সে সময়টি পেয়ে যাবো। আশা করি যৌক্তিক শুল্ক নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। তাই চুক্তি বিষয়ক কোনো প্রশ্নের জবাব দেবো না। দু’দেশই বাণিজ্য ঘাটতি কমাতে চায়। আলোচনায় বাণিজ্যের ঘাটতি পরিমাপ করা হয়েছে। এ ঘাটতি উভয় দেশই কমাতে চায়। চুক্তির ব্যাপারে ‘নন ডিসক্লোজার এগ্রিমেন্ট’ যেহেতু হয়েছে সেগুলো ডিসক্লোজ করা হবে না।
/এসটিও