
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভুইয়া (১২) চারদিন পর মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামের মিনহাজ ভুইয়ার ছেলে মাহতাব। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তো।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, মাহাতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জন মারা গেছে।
এর আগে মাহতাব আজ সকালে চোখ খুলেছিল, নিয়েছিল নিশ্বাসও। তখন পরিবারের সদস্যরা বুক ভরা আশা নিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কিন্তু ফুল ঝরে যায়, তাকে বাঁচানোর সাধ্য কার!
মাহাতাবের মামা আঞ্জুম সিফাত জানান, মাহতাব মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভুইয়া। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড এলাকায় থাকেকে। এক ভাই এক বোনের মধ্যে মাহাতাব ছিল ছোট।
আরআর