জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক ক্রিকেটার দুর্জয় সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, নাঈমুর রহমান দুর্জয় অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। এছাড়া তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।
জানা যায়, গত ৩ জুলাই রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
গত বছরের ২৪ অক্টোবর সাবেক এ সংসদ সদস্য ও তার স্ত্রীর দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সময়ের আলো/এসটিও