বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) কারাগার থেকে বাশারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কেএম মফিজুর রহমান।
এ সময় রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে মো. ছানাউল্ল্যাহ জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি ৪ এর একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পর দিন ১৫ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষায় পাঠানোর কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫৭০ টাকা গ্রহণ করেন। কিন্তু তাদের বিদেশ না পাঠিয়ে বাশার এ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা ১ জুন মামলা করেন। এ মামলায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এসকে/