পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকদের বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
এদিন রাজউকের উপপরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও সহকারী পরিচালক উল্লাস চৌধুরী হাজির হয়ে সাক্ষ্যপ্রদান করেন। এসময় ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। এদিন আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা হয় নাই। দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ আগস্ট প্রথম দিনে পৃথক তিন মামলায় তিন বাদী আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
মামলার অপর আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
উল্লেখ্য, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত ১২,১৩ ও ১৪ জানুয়ারি পৃথক ৬টি মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অন্য মেয়ে আজমিনা সিদ্দিকসহ ২৩ জনকে আসামি করা হয়।
এএডি/