জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই। তিনি বলেন, সনদ বাস্তবায়নের বিষয়ে কমিশন কোনো কিছু জোর করে চাপিয়ে দেবে না। কমিশন কেবল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারকে সুপারিশ করতে পারে।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রায় ২৯টি রাজনৈতিক দল অংশ নেয়।
আলী রীয়াজ বলেন, ‘সর্বশেষ আলোচনায় আমরা কিছু কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছিলাম, যার একটি খসড়া আপনাদের দেওয়া হয়েছিল। সেই খসড়ার ওপর আপনারা মতামত দিয়েছেন। অঙ্গীকারনামার বিষয়েও বেশ কিছু আলোচনা হয়েছে এবং আশা করা যাচ্ছে চূড়ান্ত খসড়াটি আজ (বৃহস্পতিবার) বিকেলেই আপনাদের হাতে পৌঁছে যাবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একাধিকবার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। এই প্যানেলে দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনজন আইনজীবী এবং একজন আইনের শিক্ষক ছিলেন। বিশেষজ্ঞ প্যানেলের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে জুলাই সনদের কিছু বিষয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে।’
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘কমিশন নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না। বরং আমরা বিশেষজ্ঞ প্যানেল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করতে আগ্রহী।’
সময়ের আলো/এসটিও