বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়া চলমান রয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বুধবার এরই অংশ হিসেবে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন ধরণের মহড়া পরিচালনা করা হয়। চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে এবং কক্সবাজার ঘাঁটিতে এই মহড়া অনুষ্ঠিত হয়।
আইএসপিআর জানায়, ওই মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর প্রক্রিয়ার অনুশীলন করা হয়। এই ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে।
আইএসপিআর জানিয়েছে, এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমও পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া বা যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের উদ্ধার প্রক্রিয়ায় সমন্বিত সহযোগিতা এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা অর্জিত হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, এই মহড়ার অংশগ্রহণের মাধ্যমে বাহিনীসমূহের জরুরি সঙ্কটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ফলে এ মহড়া ভবিষ্যৎ যৌথ অপারেশন পরিচালনায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সময়ের আলো/এনএ