আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আট সদস্যের নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের বৈঠক চলছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইইউ দলের প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক করছেন ইসি কর্মকর্তারা।
এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন।
তিনি সেদিন জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।
তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ-এর জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সব সময়ই আছে ইইউ। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এ ছাড়া, নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করতে চায় তারা।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।
সময়ের আলো/এনএ