ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া গণঅভ্যুত্থান মূলত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবিচারপূর্ণ কোটাব্যবস্থার বিরুদ্ধে ছিল। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী প্রাণ দিয়েছে, আহত হয়েছে। আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষা ও চাকরিতে শতভাগ মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করা।
তবে দুঃখজনকভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে আবারও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের স্বামী-স্ত্রীর সন্তানদের জন্য পোষ্য কোটা রাখা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাদের ভাষায়, এসব কোটা সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক এবং জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্যের পরিপন্থী।
শিক্ষার্থীরা দাবি করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্যার জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি রিট করা হয়েছে। এ বিষয়টি সমাধানে প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার বিষয়টি আশ্বাস দিয়েছেন তিনি।
এসকে/